ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত মোটরসাইকেল চালক আলমগীরের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে হিমন রহমান শিকদার (৩২) নামে একজনকে আটক করেছে পুলিশ। তিনি আদাবর থানা যুবলীগের একজন কর্মী বলে জানা গেছে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি এবং উল্লেখযোগ্য পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়।
বুধবার ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী উপকমিশনার (এডিসি) জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশের তথ্যমতে, হিমনের গ্রামের বাড়ি নড়াইলের লোহাগাড়া উপজেলার ইতনা গ্রামে। তার পিতার নাম হামিমুর রহমান শিকদার এবং তিনি আদাবরের ১৭/বি নম্বর রোডের ১০৩৪ নম্বর বাসায় বসবাস করতেন।তিনি জানান, হাদি হত্যায় জড়িত মোটরসাইকেল চালক আলমগীরের ঘনিষ্ঠ সহযোগী হিমন। বুধবার বিকেলে তাকে আদাবরের একটি আবাসিক হোটেল আল রাজ্জাক ইন থেকে গ্রেফতার করা হয়েছে।
পরে তার দেখানো তথ্যমতে বিকেল সাড়ে তিনটার দিকে একটি বাসা থেকে পিস্তল ও বিস্ফোরক উদ্ধার হয়।গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনি প্রচারের সময় হাদির মাথায় গুলি করে সন্ত্রাসীরা। ঢাকা মেডিকেল ও এভারকেয়ার হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। ১৮ ডিসেম্বর রাতে পৌনে ১০টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এ ঘটনায় পল্টন থানায় একটি মামলা হয়। মামলার পর প্রধান আসামি শুটার ফয়সালের বাবা মাকে গ্রেফতার করা হয়েছে। তবে মূল অভিযুক্ত ফয়সালসহ তার সহযাগীকে এখনো ধরতে পারেনি পুলিশ। তারা ভারতে চলে গেছেন বলে ধারণা করা হচ্ছে।